প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে জীবিত উদ্ধার 'শিশু বায়জিদ'।

রূপনগর থেকে অপহৃত শিশু বায়জিদকে ১৮ দিন পর টঙ্গী থেকে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
 রাজধানীর রূপনগর থেকে অপহৃত ছয় বছরের শিশু বায়জিদকে ১৮ দিন পর গাজীপুরের টঙ্গী থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। শিশুটিকে অপহরণের পর একাধিক জায়গায় বিক্রির চেষ্টা করা হয়। বিক্রি করতে ব্যর্থ হয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় পুলিশ শিশুটিকে উদ্ধার করে গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার তাকে উদ্ধার করে এসআরবি-৪।

মঙ্গলবার (৬ অক্টোবর) গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগরের দত্তপাড়া এলাকার সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বালক শাখার ১ নম্বর ব্লক থেকে বায়জিদকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ এলাকায় এসআরবি-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া এলাকার একটি বাসা থেকে শিশু বায়জিদ অপহৃত হয়। ঘটনার পর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে শিশুটিকে উদ্ধারে এসআরবি-৪-এর একটি দল ছায়াতদন্ত শুরু করে।

তদন্তের শুরুতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শিশুটিকে বাসা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্কয়ার নার্সিং হোম ক্লিনিকের দিকে নিয়ে যাওয়া হয়। পরে ওই ক্লিনিকের সিসিটিভি ফুটেজে লিপি ও নাসরিন নামের দুই নারীকে শিশু বায়জিদের হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। এরপর তাদের চলাচলের আর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

এসআরবি-৪ জানায়, তদন্তে বায়জিদের বাবা রফিকুল ইসলামের পাশের বাসার ভাড়াটিয়া কুলসুমের মেয়ে নাসরিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। প্রাথমিক তদন্তে নাসরিন একটি শিশু চুরি চক্রের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। পরে নাসরিন লিপির সঙ্গে মিলে বায়জিদকে বিক্রির উদ্দেশ্যে গাজীপুরে নিয়ে যায় বলে জানায় সংস্থাটি। এ ঘটনায় কুলসুমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এসআরবি-৪-এর অধিনায়ক জানান, বিভিন্ন তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও তদন্তের মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে জানা যায়, বায়জিদ গাজীপুরের টঙ্গীতে একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। পরে মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, অপহরণের পর নাসরিন ও লিপি শিশুটিকে একাধিক ব্যক্তির কাছে বিক্রির চেষ্টা করে। কিন্তু তাদের চেষ্টা সফল না হওয়ায় একপর্যায়ে শিশুটিকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় পুলিশ শিশুটিকে উদ্ধার করে গাজীপুরের আদর্শনগরের শিশু পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করে। সেখানেই ১৮ দিন অবস্থান করছিল বায়জিদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বায়জিদের বাবা রিকশাচালক এবং মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। গত ১৮ সেপ্টেম্বর সকালে বায়জিদের মা তাকে ও তার বাবাকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে কাজে বের হন। পরে দুপুরে ঘুম থেকে উঠে বাবা দেখতে পান, বায়জিদ বাসায় নেই।

এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও শিশুটির সন্ধান না পেয়ে তার বাবা রূপনগর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

দীর্ঘ ১৮ দিন পর বায়জিদকে জীবিত উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে তার পরিবারে। শিশুটিকে অপহরণের সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে তাকে বিভিন্ন স্থানে নেওয়া হয়েছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৪।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক