ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম বড় সাজ্জাদ। তার হয়ে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এবার গ্রেফতার হয়েছেন ঘনিষ্ঠ সহযোগী মো. সাব্বির হোসেন সানি (৩৪)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, বড় সাজ্জাদের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি। শুধু তাই নয়, কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সানি আগে বিদেশে অবস্থান করতেন। বড় সাজ্জাদের নির্দেশনায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে আসেন তিনি। এরপর থেকে বড় সাজ্জাদ ও বোরহানের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা অনুসন্ধানে তাকে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় সক্রিয় ভূমিকা ছিল সানির। বিশেষ করে চাঁদা দাবির পর কেউ অর্থ দিতে অস্বীকৃতি জানালে কিংবা চাঁদা আদায় করতে ব্যর্থ হলে ভুক্তভোগীদের ওপর চাপ সৃষ্টি করা হতো। পুলিশের দাবি, সানির নির্দেশনায় স্থানীয় সহযোগীরা ভুক্তভোগীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাতেন।
এদিকে ডেভিড ইমন কারাগারে যাওয়ার পর তার পরিবর্তে চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব সানির হাতে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ফলে চট্টগ্রামে অপরাধী চক্রটির কার্যক্রমে সানির ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশের তথ্য অনুযায়ী, সানির বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সম্প্রতি চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনার অডিও রেকর্ডও গোয়েন্দা পুলিশের হাতে এসেছে। ওই রেকর্ডসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।
সানিকে গ্রেফতারের পর তার সহযোগীদের শনাক্ত করা এবং চক্রটির অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তৃতি সম্পর্কে তথ্য সংগ্রহে তদন্ত অব্যাহত রয়েছে। বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সদস্যদেরও নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম জেলা পুলিশের ভাষ্য, অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। তবে সানির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন