ডেস্ক রিপোর্টঃ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগকে ভিত্তি করে ভারতের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে বাংলাদেশ। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘রিথিংক ওয়াটার ফিউচার, ইয়ুথ লিডারশিপ, জাস্টিস অ্যান্ড কো-অপারেশন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, পানি বণ্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে বাংলাদেশের অবস্থানের পক্ষে যুক্তি রয়েছে। একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশাও আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে। তাই প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করবে সরকার।
পানি ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপের ওপর গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং আলোচনার জন্য ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে। এখন ভারতীয় পক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এরপর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হলে পানি বণ্টন নিয়ে পরবর্তী পর্যায়ের চুক্তি নবায়নের পথ আরও সহজ হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫৪টি অভিন্ন নদী রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, এসব নদীর পানি বণ্টন ও আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা দুই দেশের আলোচনায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বার্থের বিষয় হয়ে থাকবে। এ ক্ষেত্রে দুই দেশের নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনার সঙ্গে খাদ্য ও মানব নিরাপত্তার বিষয়ও সরাসরি যুক্ত। তাই আন্তর্জাতিক পানি আইন, নদী ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত পানির ন্যায্য বণ্টনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পানি সুশাসন নিশ্চিত করতেও গুরুত্ব দিতে হবে।
এদিকে, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারের যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী, চুক্তিটি ১৯৯৭ সাল থেকে প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত কার্যকর হয়ে আসছে।
ফলে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, পানি ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পানি চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত আলোচনা সামনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

একটি মন্তব্য পোস্ট করুন