নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন ও জ্বালানি আমদানির ব্যয় মেটাতে প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। এ ঋণের ২০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আর বাকি ৩১০ কোটি ডলার আসবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) থেকে।
তবে প্রস্তাবিত ঋণ দুটির সুদের হার ভাসমান হওয়ায় ভবিষ্যতে ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জ্বালানি আমদানির জন্য নেয়া স্বল্পমেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদ শেষে বড় অঙ্কের অর্থ এককালীন পরিশোধের চাপ তৈরি হতে পারে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈদেশিক ঋণসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোনের (এসসিএনসিএল) ৪৬তম সভায় ঋণের দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, এডিবির ঋণের অর্থ দিয়ে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করার প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৪৯ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার বা ২০ কোটি ডলার ঋণ হিসেবে দেবে এডিবি। ঋণের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড থাকবে।
ঋণের সুদের হার হবে ছয় মাসের সোফারের সঙ্গে ০ দশমিক ৫০ শতাংশ স্প্রেড। এর সঙ্গে ০ দশমিক ১০ শতাংশ ম্যাচিউরিটি প্রিমিয়াম এবং বছরে ০ দশমিক ১৫ শতাংশ কমিটমেন্ট চার্জ রয়েছে।
প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ২০৩১ সালের জুলাই পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে। প্রকল্পের আওতায় নতুন ও বিদ্যমান উপকেন্দ্র সম্প্রসারণ, ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড বিতরণলাইন নির্মাণ, ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন এবং পরিবেশবান্ধব জিআইএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
সরকারের দ্বিতীয় ঋণ প্রস্তাবটি জ্বালানি আমদানিসংক্রান্ত। ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য ২৫০ কোটি ডলার এবং পেট্রোবাংলা এলএনজি আমদানির জন্য ৬০ কোটি ডলার ঋণ নেবে।
আইটিএফসি থেকে ৬০ কোটি ডলার নিজস্ব উৎসে সরবরাহ করা হবে। আর বাকি ২৫০ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের কো-ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সংস্থান করা হবে।
প্রস্তাব অনুযায়ী, এসব ঋণের প্রতিটি কিস্তির মেয়াদ ছয় মাস এবং মেয়াদ শেষে এককালীন পরিশোধের ব্যবস্থা থাকবে। ছয় মাসের টার্ম সোফার ৩ দশমিক ৬৭৭৬৫ শতাংশ ধরে এর সঙ্গে ১ দশমিক ৭০ শতাংশ যোগ করলে সুদের হার দাঁড়ায় আনুমানিক ৫ দশমিক ৩৭৭৬৫ শতাংশ। এর সঙ্গে রয়েছে ০ দশমিক ২০ শতাংশ প্রশাসনিক ফি।
জ্বালানি নিরাপত্তার জরুরি প্রয়োজন বিবেচনায় গত ১৭ আগস্ট প্রস্তাবটি বিশেষ বিবেচনায় অনুমোদন করা হয়। পরে ২৬ আগস্ট এসসিএনসিএল কমিটির সভাপতির কাছ থেকেও নথিতে বিশেষ অনুমোদন নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন ঋণগুলোর ক্ষেত্রে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে ভাসমান সুদের হারকে। কারণ সোফারের সঙ্গে সুদের হার সরাসরি যুক্ত থাকায় আন্তর্জাতিক বাজারে সুদের হার বাড়লে বাংলাদেশের ঋণ পরিশোধের ব্যয়ও বাড়বে।
অর্থাৎ বর্তমানে যে হারে সুদ হিসাব করা হচ্ছে, ভবিষ্যতে সোফার বেড়ে গেলে কার্যকর সুদের হারও বাড়বে। এতে সরকার কিংবা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হতে পারে।
বিশেষ করে জ্বালানি আমদানির ঋণটি মাত্র ছয় মাসের হওয়ায় এর ঝুঁকি তুলনামূলক বেশি। মেয়াদ শেষে ঋণ রোলওভার করা সম্ভব না হলে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা এককালীন পরিশোধের প্রয়োজন হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের হিসাবে, মেয়াদ শেষে রোলওভার না হলে বাংলাদেশ ব্যাংকের সহ-অর্থায়নসহ প্রায় ১৯৫ কোটি ডলার পরিশোধের চাপ সৃষ্টি হতে পারে। সুদের হার ও অন্যান্য ব্যয়ের পরিবর্তন হলে সরকারের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
নন-কনসেশনাল বা অনমনীয় বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রেও সরকারের নির্দিষ্ট সীমা রয়েছে। ইআরডির নীতিমালা অনুযায়ী, কোনো অর্থবছরে এ ধরনের ঋণের সেবা ব্যয় সংশ্লিষ্ট অর্থবছরের রপ্তানি আয়ের ১০ শতাংশ অথবা রাজস্ব আয়ের ১৫ শতাংশের মধ্যে—যেটি কম—তার মধ্যে রাখার নীতি রয়েছে। একই সঙ্গে মোট অনমনীয় বৈদেশিক ঋণের স্থিতি জিডিপির ১০ শতাংশের মধ্যে রাখার নীতিও রয়েছে।
নতুন করে এ ধরনের ঋণ যুক্ত হতে থাকলে ভবিষ্যতে ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার আয়, রিজার্ভ পরিস্থিতি, ডলারের বিনিময় হার এবং ভবিষ্যৎ ঋণসেবার চাপ বিবেচনায় নেয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, সরকার বা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টিযুক্ত ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে ঋণ পরিশোধের সক্ষমতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব আয় থেকে ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত সেই দায় সরকারের ওপর পড়তে পারে। বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে ঋণ নিয়ে আমদানি করা পণ্যের মূল্য, বিক্রয়মূল্য, ভর্তুকি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নগদ প্রবাহের মধ্যে সামঞ্জস্য না থাকলে সরকারি অর্থের ওপর চাপ বাড়তে পারে।
এডিবির অর্থায়নে নেয়া প্রকল্পটির ক্ষেত্রেও বাস্তবায়নে বিলম্ব হলে বাড়তি ব্যয়ের ঝুঁকি রয়েছে। ঋণের অর্থ পুরোপুরি ব্যবহার না হলেও নির্দিষ্ট ক্ষেত্রে কমিটমেন্ট চার্জ দিতে হয়। ফলে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হলে অর্থ ব্যবহার না করেও সরকারকে অতিরিক্ত ব্যয় বহন করতে হতে পারে।
ক্রয়প্রক্রিয়া, জমি, ঠিকাদারি, সরঞ্জাম আমদানি ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে সময় ও ব্যয়—দুটিই বাড়তে পারে।
ইআরডির পক্ষ থেকে বলা হয়েছে, অনমনীয় ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। যেসব প্রকল্প বা পণ্য সংগ্রহে নমনীয় অর্থায়নের সুযোগ নেই, প্রয়োজন বিবেচনায় সেসব ক্ষেত্রেই অনমনীয় ঋণ অনুমোদন দেয়া হয়।
সরকারের নীতিমালা অনুযায়ী, কোনো অর্থবছরে অনমনীয় বৈদেশিক ঋণের ঋণসেবা ব্যয় রপ্তানি আয় ও রাজস্ব আয়ের নির্ধারিত সীমার মধ্যে রাখা এবং মোট অনমনীয় বৈদেশিক ঋণের স্থিতি জিডিপির ১০ শতাংশের মধ্যে রাখার বিষয়টি অনুসরণ করা হচ্ছে।
তবে অর্থনীতিবিদদের মতে, শুধু নির্ধারিত সীমার মধ্যে থাকলেই ঋণকে ঝুঁকিমুক্ত বলা যায় না। ঋণের সুদের হার, মেয়াদ, রোলওভার সুবিধা, ডলারের বিনিময় হার এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের সক্ষমতা—সবকিছু বিবেচনায় নিয়ে ঋণের প্রকৃত ঝুঁকি মূল্যায়ন করা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন