প্রগতি বার্তা
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, রাজশাহীর আবু বকরের ৭ দিনের রিমান্ড।

ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে মন্তব্যের মামলায় আদালতে আবু বকর সিদ্দিক।


নিজস্ব প্রতিবেদক | ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে গ্রেফতার মো. আবু বকর সিদ্দিককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার (২৫ অক্টোবর) ঢাকার আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত ২১ অক্টোবর ফেসবুকের ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরে ব্যবহৃত একটি বাসের তিনটি ছবি প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়।

ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের ব্যবহারকারীকে শনাক্ত করা হয়। পরে রাজশাহী মহানগরীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।

ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ২৩ অক্টোবর তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আবু বকরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, মন্তব্যের পেছনে অন্য কেউ জড়িত কি না, এর সঙ্গে কোনো সংগঠিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য কী—এসব বিষয় খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রোববার আদালতে শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় বিচারক মন্তব্যটি করার কারণ জানতে চাইলে আবু বকর বলেন, তিনি মজা করে মন্তব্যটি করেছিলেন এবং তাঁর কোনো উদ্দেশ্য ছিল না। পরে তিনি নিজের ভুল হয়েছে বলেও জানান।

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, প্রাথমিক পর্যায়ে আবু বকরের রাজনৈতিক সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর মন্তব্যের উদ্দেশ্য ও অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন

𝑷𝒓𝒐𝒈𝒂𝒕𝒊𝑩𝒂𝒓𝒕𝒂

প্রগতি বার্তা
সত্যের সন্ধানে নির্ভীক